কামারখন্দ প্রতিনিধি: ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ‘দাবি+’ কর্মসূচি এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় সিরাজগঞ্জের কামারখন্দে ৩৪ জন কিশোরী মেয়েদের মাঝে জীবিকায়ন সহায়তা হিসেবে বিনামূল্যে মুরগির বাচ্চা ও নগদ অর্থ এবং সনদপত্র প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জুন) কামারখন্দ উপজেলার জামতৈল শাখা ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠানে ‘স্বপ্ন সারথি’ উদ্যোগের আওতাভুক্ত কিশোরীদের প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ২ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মনিরুল ইসলাম বলেন, “পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন কিশোরীদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এ ধরনের উদ্যোগ তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মাহফুজুর রহমান, ব্যবস্থাপক (দাবি+) আব্দুল আজিজ হাওলাদার, সেলফ অফিসার ফেরদৌস হোসাইন, বিডিইউ ডেপুটি ম্যানেজার আতিকুল ইসলাম, আতিকুর রহমান, শাখা ব্যবস্থাপক (দাবি+) বিরেন কুমার ঘোষ ও শাখা হিসাব কর্মকর্তা মইনুল হক।
এসময়ে বক্তারা আরও বলেন, ‘স্বপ্ন সারথি’ উদ্যোগের মাধ্যমে কিশোরীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই জীবিকায়নের ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নেও এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে। ব্র্যাক সূত্রে জানায়, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
