শাহিন রেজা : সিরাজগঞ্জে গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
আজ শনিবার (০৬ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে আইন অমান্যকারী পরিবহন ও কাউন্টারকে মোট ৮৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল শহরের প্রবেশদ্বার কড্ডার মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মেলায় ৫টি বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি বাসের সাধারণ যাত্রীদের কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা অনতিবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে তদারকি চলাকালে টিকিটের অতিরিক্ত মূল্য রাখা এবং ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করার দায়ে তিনটি বাস কাউন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালীন সময় জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং যাত্রী হয়রানি বন্ধে জেলা প্রশাসনের এই ধরনের জনকল্যাণমুখী ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
