রাইসুল ইসলাম রিপন,কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে মাদকদ্রব্য সেবনের অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক আল আমিন (২৭) একই এলাকার আদেল উদ্দিন ভুঁইয়ার ছেলে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় আল আমিনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। মাদকমুক্ত করতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামিকে সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযান পরিচালনাকালে কামারখন্দ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
