শাহিন রেজা : সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর এক সফল অভিযানে ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ মোছা. রেহেনা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৮ মে) ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক রেহেনা রাজশাহী জেলার মো. মোস্তফার স্ত্রী।
মঙ্গলবার (১৯ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
র্যাব জানায়, গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় হাটিকুমরুল গোলচত্বরে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজে বহন করত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
