রাইসুল ইসলাম রিপন,কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কামারখন্দ উপজেলাের চারটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নিজ নিজ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এবছর কামারখন্দ উপজেলার প্রাথমিকের ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ হাজার ৩৪০জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ৯১ হাজার ৭৪০টি, আর বই বরাদ্দ দেয়া হয়েছে ৩৮ হাজার ২৭০টি। এতে ৫৩ হাজার ৪৭০টি বই ঘাটতি রয়েছে।
অপরদিকে উপজেলার মাধ্যমিকের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ১৩ হাজার শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ২ লাখ ৫১ হাজার ৭০০টি, আর বই বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০টি। এতে ৯৯ হাজার ৬৫০টি বই ঘাটতি রয়েছে।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ছাকমান আলী জানান, মাধ্যমিকে ঘাটতি থাকা অবশিষ্ট বইগুলো আগামী এক সপ্তাহের মধ্যে চলে আসবে। বইগুলো পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সন্ধ্যা রানী সাহা জানান, প্রাথমিকে ঘাটতি থাকা বই কবে নাগাদ আসতে পারে সে ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। বইগুলো আসলে দ্রুত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
